চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যেই আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। ফলে এবারের হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন। হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী মো. শামসুল আলম (৬৩)। তিনি রংপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা। মঙ্গলবার মদিনায় স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। এবারের হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর এটিই প্রথম মৃত্যু।
এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।
এর আগে, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়।
আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন কার্যক্রম চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।