ফরিদপুরে টিফিনের সময় শিক্ষার্থীদের মধ্যে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বিতরণের অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপী বেগম গত ২৫ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচির খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন। পরদিন ২৬ এপ্রিল তিনি সেই কলা শিক্ষার্থীদের মধ্যে টিফিন হিসেবে বিতরণ করেন।
ঘটনার ছবি ও অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয় এবং প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
এ ঘটনায় শিক্ষা প্রশাসন জানিয়েছে, স্কুল ফিডিং কর্মসূচিতে খাদ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।