দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার আগ্রহ

Date: 2026-06-10
news-banner

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে দুই নেতা এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন।

এসব বৈঠকে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave Your Comments