সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

Date: 2026-06-10
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকার সাভারে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আসামিপক্ষের লোকজনের হামলায় আহত ওই দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিকেও ছিনিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

চিকিৎসাধীন অবস্থায় এসআই শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে তিনি ও এএসআই মশিউর রহমান বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাত সাড়ে সাতটার দিকে তাঁরা রফিকুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

তাঁর দাবি, গ্রেপ্তারের পর হাতকড়া পরানোর সময় রফিকুল ও তাঁর সহযোগীরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পরে আরও কয়েকজন যোগ দিলে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল দুই পুলিশ সদস্যকে মারধর করে এবং গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের আরেকটি দল দ্রুত সেখানে পৌঁছে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। তবে এর আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আবদুর রাজ্জাক জানান, রাত সাড়ে আটটার দিকে আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave Your Comments