পদ্মায় চলন্ত স্পিডবোট আটকে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Date: 2026-06-10
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার পাশাপাশি নগদ টাকা, মুঠোফোন, স্পিডবোটের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়ন-সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ব্যবসায়ী লিটন মোল্লা (৩২) চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ডাকাত দলের ধাওয়া খেয়ে স্পিডবোটচালক সঞ্জিত খালাসী (৩৯) কাশবনের মধ্যে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চরভদ্রাসনে নিয়ে আসে। তিনি সদর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আটজন গরু ব্যবসায়ীকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের মৈনট ঘাটে পৌঁছে দেন সঞ্জিত। ব্যবসায়ীরা গরুর হাট থেকে ফেরার পথে ওই স্পিডবোট ব্যবহার করেছিলেন। তাদের নামিয়ে দিয়ে ফেরার সময় বোটে একমাত্র যাত্রী ছিলেন লিটন মোল্লা।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্পিডবোটটি ঢাকা জেলার সীমান্ত অতিক্রম করে চরভদ্রাসন এলাকায় প্রবেশ করলে স্থানীয় ফারুক মোল্লার চরের কাছে একটি ডাবল ইঞ্জিনচালিত স্পিডবোটে থাকা একদল ডাকাত ধাওয়া করে। একপর্যায়ে তারা বোটটির গতিরোধের চেষ্টা করলে চালক সঞ্জিত বোটটি চরে ভিড়িয়ে কাশবনের মধ্যে পালিয়ে যান।

এরপর ডাকাতরা লিটন মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে স্পিডবোটের ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা লিটনের বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।

পরে স্থানীয় জেলেরা আহত লিটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চরাঞ্চলের প্রকৃতি ও জীবনযাপন নিয়ে কাজ করা সংস্কৃতিকর্মী আবদুস সবুর মোল্লা বলেন, গত এক যুগে এ নৌপথে এমন ডাকাতির ঘটনা শোনা যায়নি। ঢাকার সঙ্গে চরাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম এই নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পিডবোটচালককে উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments