কাউনিয়ায় সোনালী ব্যাংকের নীচ থেকে বাইসাইকেল চুরি!

Date: 2026-06-11
news-banner

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় সোনালী ব্যাংকের নিচ থেকে এক শিক্ষকের ব্যবহৃত বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কেন্দ্রীয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রবীন্দ্রনাথ বর্মন নিজদর্পা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও একজন পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ বর্মন তাঁর ব্যবহৃত ভারতীয় বিএস ব্র্যান্ডের বাইসাইকেলটি সোনালী ব্যাংকের নিচে তালাবদ্ধ করে রেখে পাশের হোমিওপ্যাথি চেম্বারে রোগী দেখছিলেন। রাত ৯টার পর রোগী দেখা শেষ করে বাড়ি ফেরার জন্য বের হয়ে তিনি দেখতে পান, তাঁর বাইসাইকেলটি সেখানে নেই।

পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চোরচক্র তালা ভেঙে বা কৌশলে সাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করে রবীন্দ্রনাথ বর্মন বলেন, “২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আমার ব্যবহৃত মোট সাতটি সাইকেল চুরি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত একটি সাইকেলও উদ্ধার করতে পারিনি।”

স্থানীয় বাসিন্দারা বাজার এলাকায় সাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave Your Comments