বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে রাতের আঁধারে হামলা-লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জান্নাতুল মেহেরাজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তির ওপর অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ মে গভীর রাতে অভিযুক্তরা তার নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পরবর্তীতে অভিযুক্তদের বিভিন্ন হুমকির কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ অবস্থায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, লুট হওয়া মালামাল উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।