হিন্দু সম্প্রদায়ের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো: এমপি পত্নী সাবরিনা বিনতে
Date: 2026-06-11
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মতুয়া সম্প্রদায়ের ৩৭তম বার্ষিক মহোৎসবে বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের স্ত্রী সাবরিনা বিনতে বলেছেন, “আপনাদের প্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিমকে মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে আপনারা আপনাদের কথা রেখেছেন। এখন কথা রাখার পালা আমাদের। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।”
বৃহস্পতিবার (১১ জুন) মহোৎসবের শেষ দিনে সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে স্ত্রী সাবরিনা বিনতে ঢাকা থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, কার্যকরী সদস্য রানা ঠাকুর, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহম্মেদ মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম সম্পাদক নাঈম ইসলাম, কৃষক দলের সভাপতি আল আমিন মোল্লা বিপ্লব, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।