‎বন্দরে প্রতিবেশী দম্পতির ওপর হামলা দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা।

Date: 2026-06-14
news-banner

নিজস্ব প্রতিনিধি : 

‎নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতি ও তাঁদের পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলায় গৃহকর্তা মোঃ মাসুদকে (৪০) দড়ি  দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।
‎গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ লক্ষণখোলা এলাকার বাসিন্দা মাসুদের সাথে প্রতিবেশী রোমান ও তার পরিবারের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ১১ জুন সকালে রোমান ও তার সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুদের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা মাসুদকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এবং একপর্যায়ে ৩ ও ৪নং বিবাদী রশি দিয়ে মাসুদের গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালায়।
‎মাসুদের চিৎকার শুনে তাঁর স্ত্রী খাদিজা বেগম বাঁচাতে এগিয়ে আসলে পাষণ্ড রোমান তাঁর পরনের কাপড় টেনেহিঁড়ে শ্লীলতাহানি করে। এসময় মাসুদের ছেলে জুবায়ের ও মামা জুলফিকারকেও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পরিবারটিকে খুনের হুমকি দিয়ে চলে যায়। 
‎আহত মাসুদ জানান, "ওরা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। আমার গলায় রশি পেঁচিয়ে ধরা হয়েছিল। এমনকি আমার স্ত্রীর ইজ্জতেও হাত দিয়েছে ওরা। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।" বর্তমানে তাঁরা সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানোর মতো অবস্থায় রয়েছেন বলে দাবি করেন তিনি।

Leave Your Comments