প্রকাশ : ২৫ জুলাই ২০২৬
সময়: ০৯:৪০ পিএম
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) সকালে এক জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।