কাউনিয়ায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচিতে ১২-১৪ বয়সীদের অংশ নেওয়ার আহ্বান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও শারীরিক-মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির রেজিস্ট্রেশন জোরদার করতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, কাউনিয়া উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ শুরু করেছে। উপজেলার সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে এই কর্মসূচির ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর আওতায় মোট ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। গত ১ জুলাই থেকে এই অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রয়েছে।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, “শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে চাই। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেন শিশুরা অংশ নিতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে— ফুটবল, ক্রিকেট (টি-১০), কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্টস, সাঁতার ও টেবিল টেনিস। প্রতিটি ইভেন্টে বালক ও বালিকা আলাদাভাবে অংশগ্রহণ করতে পারবে।
আগ্রহী শিক্ষার্থীরা notunkurisports.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজন হবে অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, ষষ্ঠ বা অষ্টম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, বর্তমান শ্রেণির প্রধান শিক্ষকের সত্যায়িত টেস্টিমোনিয়াল এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
এই উদ্যোগের মাধ্যমে কাউনিয়া উপজেলার শিশু-কিশোররা তাদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ জীবন গড়তে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন।