আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী হতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আলোচনা

 আগামী সপ্তাহের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে। সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।


কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটিও আলোচনায় স্থান পেতে পারে। পাশাপাশি অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত পরিস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পাবে।


দুই দেশের কূটনৈতিক সূত্রের দাবি, সফরটি দুই দিনের কর্মসূচি হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব কমাতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে উভয় দেশকে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে সফরের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।


সূত্র: ভারতীয় গণমাধ্যম।