প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
সময়: ০৫:৫০ পিএম
কালিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট, ঘটনাস্থলেই মৃত্যু
মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা এবং হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে আবু রায়হান নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।