যারা আজ বড় গলায় কথা বলছে, ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি: তারেক রহমান

রাজধানীর মহাখালীর মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে টিকে আছেন। অথচ যারা বর্তমানে উচ্চকণ্ঠে সমালোচনা করছেন, গত ১৭ বছরে তাদের রাজপথে দেখা যায়নি।


শনিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন পর্যালোচনা করলে বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন, গুম, হত্যা ও হামলার চিত্র স্পষ্টভাবে উঠে আসে।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল অতীতের বিভিন্ন সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখনও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি তাদের উসকানিমূলক রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কার্যকর পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।


তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় অন্য কোনো রাজনৈতিক দলের কাছে সরকারের চেয়ে ভালো পরিকল্পনা থাকলে সেটি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তবে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করা কোনো দায়িত্বশীল রাজনীতিবিদের কাজ নয়। বরং জনগণকে ধৈর্য ধারণে উৎসাহিত করা এবং সঠিক পথ দেখানোই একজন রাজনীতিবিদের দায়িত্ব।


তিনি বলেন, অতীতে স্বৈরাচারী সরকার মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি করেছে। কিন্তু বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের অঙ্গীকার করেছেন। তাই বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি পরিহার করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে ঢাকা-১৭ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সেবায় কাজ করতে গেলে সময় ও শ্রমের প্রয়োজন হয়। তিনি সমালোচকদের মাঠে নেমে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান এবং দেশকে অস্থিতিশীল করতে পারে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।