ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মীরিদের ‘কালো দিবস’ পালন
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘কালো দিবস’ পালন করেছে কাশ্মীরিরা। এ উপলক্ষে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কাশ্মীরের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর জোট ‘অল পার্টিস হুররিয়াত কনফারেন্স আজাদ জম্মু-কাশ্মীর’ (এপিএইচসি-এজেকে) এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির আহ্বায়ক গোলাম মুহাম্মদ সাফির নেতৃত্বে মিছিলটি মুজাফফরাবাদ প্রেস ক্লাব থেকে আলমদার চৌক পর্যন্ত প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, কাশ্মীর সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাশ্মীরের জনগণ রাজনৈতিক ও মানবিক সংকটের মুখোমুখি রয়েছে। তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিক্ষোভকারীরা কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের গৃহীত প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাশ্মীর সমস্যার সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং কাশ্মীরের জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে মুজাফফরাবাদে জাতিসংঘের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।