লংগদুতে ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ যুবক, শিশুপুত্র উদ্ধার

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি): 

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে সালাম (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর চার বছর বয়সী শিশুপুত্রকে জীবিত উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ সালামকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্যোগে অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম মাইনী বাজার থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনি চার বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন।

চেয়ারম্যান জানান, দূর থেকে একটি ট্রলার বোট ঘটনাস্থলে এগিয়ে এসে শিশুটিকে সালামের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে লেকে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালামকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান।

পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর তার পেটে প্রচুর পানি থাকায় প্রাথমিকভাবে কিছুটা জটিলতা দেখা দেয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শিশুটি ভালো আছে।

লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ডুবুরি দল পৌঁছালে নিখোঁজ সালামকে উদ্ধারে আনুষ্ঠানিক অভিযান শুরু করা হবে। তবে এরই মধ্যে স্থানীয় লোকজনের সহযোগিতায় সম্ভাব্য এলাকায় খোঁজাখুঁজি চলছে।

নিখোঁজ সালামের সন্ধানে স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।