প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
সময়: ০৯:০৮ পিএম
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর নেতৃত্বে সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান
আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয় জেবিএবির কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।
নির্বাচনকে কেন্দ্র করে তফশিলি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিজয়ের পর জেবিএবির নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা সদস্যদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষার পাশাপাশি ব্যাংকারদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ব্যাংকারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। সদস্যদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জেবিএবিকে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর মধ্য দিয়ে সংগঠনটি নতুন নেতৃত্ব পেল। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেবিএবি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সম্মেলনে অংশগ্রহণকারী ব্যাংকাররা।