কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মেহের আলী

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মেহের আলী (৮২) আর নেই। অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম মৌতলা গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

দাফন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।