কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ।

শাকিল প্রধান : 

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভবেরচর এলাকায় থানার প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেন প্রদক্ষিণ করে চট্টগ্রামমুখী লেনে গিয়ে বাউশিয়া ইউনিয়নের মোহাম্মদ আলী প্লাজার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বক্তব্য দেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

বক্তব্যে নেতাকর্মীরা জামায়াতের আমির হামজা  বক্তব্যের সমালোচনা করেন। তারা দাবি করেন, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ভূমিকায় উপস্থাপন করে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন তোলেন তারা।

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান, গজারিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, গজারিয়া গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য রুবেল সরকার, বাউশিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুমিন মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু হামলা ও সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না। আমরা হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

তারা আরও বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহনশীল আচরণ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কুষ্টিয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।