মরক্কোর নারীকে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো সাবেক এই ফুটবল তারকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে মুসলিম ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ ছিল রবার্তো কার্লোসের। তাদের সাম্প্রতিক এক সাক্ষাতের সময় তিনি ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নথি বা কার্লোসের ব্যক্তিগত বক্তব্য প্রকাশিত হয়নি।
এদিকে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, ব্রাজিল সফরের সময় সাও পাওলোতে অবস্থিত একটি মুসলিম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে শেখ জিহাদ হামাদা তাকে জানান, রবার্তো কার্লোস সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন।
আলি শাহিন তার পোস্টে রবার্তো কার্লোসকে অভিনন্দনও জানান। এরপর থেকেই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতে শুরু করে।
অন্যদিকে, মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সোহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের খবরও নতুন করে আলোচনায় এসেছে। সোহাইলা এল তাহিরি একজন ফিফা-লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের ক্যারিয়ার ব্যবস্থাপনার পাশাপাশি তিনি ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে কাজ করেন।
তবে তাদের বিয়েটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে গত ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সম্প্রতি সেই অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আবারও আলোচনায় আসে।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল ও ফেনারবাহচের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করা রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত হন। তবে তার ইসলাম গ্রহণের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে বিষয়টিকে আপাতত দাবি হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা।