কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলের কয়েকজন অতিথি কক্ষের ভেতরে আটকা পড়েন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। ঘন ধোঁয়ার কারণে ভবনের ওপরের তলায় পৌঁছাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়।
পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের বিভিন্ন অংশে নির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।
এদিকে, এই ঘটনার মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য ছিলেন।
পরপর দুটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।