প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
সময়: ১২:১৮ পিএম
মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মায়ামি
বাবার মৃত্যুর পর মাঠে ফিরে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে তাঁর গোল ও অ্যাসিস্টের পরও ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ইন্টার মায়ামি।
ফিলাডেলফিয়ার সুবারু পার্কে ম্যাচের ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ২১ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে সমতায় ফেরে তারা। গোলটির পেছনে ছিল মেসির অ্যাসিস্ট।
এর পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোলে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। ইয়ান ফ্রেয়ের বাড়ানো বল নিয়ন্ত্রণ করে ডি-বক্সে ঢুকে ড্রিবলিংয়ে জায়গা তৈরি করেন মেসি। এরপর বাম পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ৩৯ বছর বয়সী এই তারকা।
তবে ৫৮ মিনিটে নেইল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। ম্যাচের শেষ দিকে উত্তেজনার মধ্যে লাল কার্ড দেখেন ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট।
ড্রয়ের ফলে জয় না পেলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ১৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩টি, আর অ্যাসিস্ট ৯টি।