বাবার মৃত্যুর পর গোল মেসির লাল কার্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

বাবার মৃত্যুর পর মাঠে ফিরে অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আবেগঘন এই গোলটি হয়তো ক্যারিয়ারের অন্য সব গোলের চেয়ে আলাদা হয়ে থাকবে আর্জেন্টাইন মহাতারকার কাছে। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্রয়ের ম্যাচে প্রথমার্ধেই দুর্দান্ত গোল করেন তিনি।


দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট মারা যান মেসির বাবা হোর্হে মেসি। এরপর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এবার ফিলাডেলফিয়ার সুবারু পার্কে ম্যাচের ২৬ মিনিটে ডান প্রান্ত থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জটলার মধ্য থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান মেসি।


গোলের পর উদ্‌যাপনেও ছিল গভীর আবেগ। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন তিনি। ছোটবেলা থেকে মেসির ফুটবলজীবনে দাদির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আর বাবা হোর্হে ছিলেন তাঁর ক্যারিয়ারের অন্যতম প্রধান সহযাত্রী ও পরামর্শদাতা।


মেসির গোলের আগে ২১ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার। ওই গোলের আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। তবে ফিলাডেলফিয়া ম্যাচে ফিরে আসে প্রথমার্ধের ১১ মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভের গোলে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে নিল পিয়ের গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। ভিএআরের হস্তক্ষেপে ফিলাডেলফিয়ার একটি গোল বাতিলও হয়।


এই গোলের ফলে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন মেসি।

বাবার মৃত্যুর পর আগের দুই ম্যাচের একটিতে লিগস কাপে মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মায়ামি।


 এরপর এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারে তারা। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন মেসি। ইস্টার্ন কনফারেন্সে ৩৯ পয়েন্ট নিয়ে ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি।ম্যাচের একেবারে শেষ দিকে উত্তেজনার জন্ম হয় মাঠে। যোগ করা সময়ের ১২ মিনিটের মধ্যে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান লাল কার্ড দেখেন।


ঘটনার সূত্রপাত কাভানের ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে বাকবিতণ্ডা থেকে। ফ্রের একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর পর মাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ব্রাইট ও কাভান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রেফারি দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান। কুইন সুলিভানকে দেখানো হয় হলুদ কার্ড। 

লাল কার্ডের কারণে আগামী ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কাভান।

কাভান সুলিভান ইতোমধ্যে ইউরোপের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার সিটির নজর কেড়েছেন। ১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২০২৬ মৌসুমে ফিলাডেলফিয়ার নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন এই তরুণ। এ বছর ক্লাবটির হয়ে ১৮ ম্যাচের ১১টিতে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি এবং করেছেন দুটি গোল।