প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
সময়: ০৭:৫১ পিএম
নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগম (৩৯) কে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামীকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে স্বামী শরীফ মিয়া (৪২) কে তার শ্বশুরবাড়ি কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে আটক করা হয়। নিহত স্ত্রী হোসনে আরা বেগম কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মো. রহমান মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শরীফ মিয়া মাধবদীর ভগিরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে মাধবদী গরুর হাট বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।
মাধবদী থানা পুলিশ আটককৃত শরীফের বরাত দিয়ে জানান, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে থাপ্পড় দিলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যায়। এরপর থেকে আর জ্ঞান ফেরেনি। কিন্তু স্বামী শরীফ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরের মেঝেতেই লুকিয়ে রাখে। পর দিন ১৮ আগস্ট রাত ১০টার পর বাড়ির পার্শ্বের একটি কবরস্থানে একাই কাঁধে করে নিয়ে যায় এবং সেখানে মাটিচাপা দিয়ে চলে আসে। সবাইকে জানান তার স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন।
পরদিন ১৯ আগস্ট দুপুরের দিকে মাধবদী থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে তার শ্বশুরকে সাথে নিয়ে আসেন এবং একটি সাধারণ ডায়েরি করতে চান। এসময় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ জিডি না নিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলে। সে অভিযোগ দায়ের করে শ্বশুর বাড়িতে ফিরে যান। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে এসে জেরা করতে থাকলে এক পর্যায়ে সে স্ত্রী হত্যার কথা স্বীকার করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘স্ত্রী হত্যার দুই দিন পর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করতে চায় স্বামী শরীফ মিয়া। এসময় তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে তাকে নজরে রাখি। এক পর্যায়ে তাকে জেরা করলে সে স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন এবং মরদেহ কোথায় মাটিচাপা দিয়ে রেখেছে সে ঘটনার বর্ণনা দেন।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসবেন। তিনি আসার পরই মরদেহ উত্তোলন করা হবে।’