হানিফ ফ্লাইওভার ব্যবহারকারী সব বাসে ই-টোল ট্যাগ বাধ্যতামূলক
ঢাকার যানজট নিরসন এবং হানিফ ফ্লাইওভারে যান চলাচল আরও নির্বিঘ্ন করতে ফ্লাইওভার ব্যবহারকারী সব ধরনের বাসে ‘ই-টোল ট্যাগ’ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসি ও নন-এসি সব বাসে এ ট্যাগ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, ওরিয়েন্ট গ্রুপ এবং হানিফ ফ্লাইওভার ব্যবহারকারী বিভিন্ন বাস কোম্পানির মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ফ্লাইওভারে টোল পরিশোধের সময় যানবাহন থামিয়ে রাখার কারণে অনেক সময় যানজট তৈরি হয়। সব বাসে ই-টোল ট্যাগ চালু করা গেলে টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। এতে ফ্লাইওভারে ওঠা-নামার সময় যানবাহনের গতি স্বাভাবিক থাকবে এবং অপ্রয়োজনীয় জট কমবে।
তারা আরও বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারগুলোতে যানজট কমাতে প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভার ব্যবহারকারী সব বাসে ই-টোল ট্যাগ লাগানোর বিষয়ে বাস মালিকদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আজাদুর রহমান, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মফিজুল ইসলাম এবং ওরিয়েন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাঈম।
সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে সব বাসে ই-টোল ট্যাগ সংযুক্ত করা সম্ভব হলে হানিফ ফ্লাইওভারে টোল আদায়ের সময় যানজট অনেকটাই কমে আসবে। পাশাপাশি রাজধানীর সামগ্রিক যান চলাচল ব্যবস্থাপনায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।