শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুমার নামাজ বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে আদায় করেন তিনি। নামাজ শেষে দুপুর ১টা ৪৬ মিনিটে সরাসরি শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
বিএনপি মহাসচিব হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে এই দুই নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
শুক্রবার কবর জিয়ারতের সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এ সময় কবর প্রাঙ্গণের নিরাপত্তাবেষ্টনীর বাইরে থাকা দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।