প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
সময়: ০৪:৪১ পিএম
বান্দরবানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউছিয়া কমিটির বর্ণাঢ্য র্যালি
বান্দরবান প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানে গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও নাতে রাসুল (সা.) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে আলেম-ওলামা, আশেকে রাসুল (সা.)-এর প্রেমিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন এবং বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক, বার্তা বিচিত্রার ব্যুরো চিফ গোলাম মোস্তাফা মাসুদ।
কর্মসূচির শুরুতে বান্দরবান ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৩ নম্বর থানছি বাসস্ট্যান্ড, ধনেশ পাখির মোড় হয়ে বান্দরবান মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাজাত। এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এরপর মুক্তমঞ্চে শুরু হয় নাতে রাসুল (সা.) অনুষ্ঠান। এতে বিভিন্ন নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আশেকে রাসুল (সা.)-এর প্রেমিকগণ।
পুরো কর্মসূচির আয়োজন ও পরিচালনা করে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান পার্বত্য জেলা।
আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ধরনের আয়োজনের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। বান্দরবান পার্বত্য জেলায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গাউছিয়া কমিটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।