স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, যুবলীগের শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালতে দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদক জানায়, অভিযোগের অনুসন্ধানকালে গোপন সূত্রে তারা জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশগমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।