তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

বাবুল মিয়া তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, নৌপথে অতিরিক্ত টাকা আদায়, সামাজিক অপরাধ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, হাওর ও সীমান্তঘেঁষা তাহিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাহিরপুর থানা পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। মাদক, চোরাচালান, কিশোর অপরাধ ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তবে অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। স্থানীয় পর্যায়ে অপরাধকে প্রশ্রয় না দিয়ে শুরুতেই প্রতিরোধ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “তাহিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে। মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ|