প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৪৬ পিএম
বগুড়ায় এসবি কনস্টেবলের সুদের কারবার, শারীরিক নির্যাতন ও হুমকি
নিজস্ব প্রতিবেদক:
৩ লাখ টাকা ঋণ নিয়ে আসল ও সুদ বাবদ ৮ লাখ টাকা শোধ করার পরও মিলছে না নিস্তার। অবশিষ্ট সুদের দাবিতে মারধর, মামলা তুলে নিতে চাপ এবং হত্যার হুমকির শিকার হতে হচ্ছে এক গৃহবধূকে। অভিযুক্ত ব্যক্তি বগুড়ার শিবগঞ্জের বেলভূজা গ্রামের সন্তান ও ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ কনস্টেবল মোঃ রুহুল আমিন (বিপি-৮৬০৫০৯৮৫৭৯)।
অনুসন্ধানে জানা গেছে, কনস্টেবল রুহুল আমিন সরকারি চাকরির আড়ালে নিজ এলাকায় পরিবারকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এক বিস্তৃত সুদের সাম্রাজ্য।
ভুক্তভোগী আকলিমা বিবি পারিবারিক প্রয়োজনে ৩ লাখ টাকা নিয়ে ৮ লাখ টাকা ফেরত দেওয়ার পরও চড়া সুদে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। টাকা না পেয়ে আকলিমা বিবির ওপর চালানো হয়েছে শারীরিক নির্যাতন।
ভুক্তভোগী আকলিমা বিবি আদালতে ২টি মামলা ও জিডি করার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব, আইজিপি, এসবি প্রধান ও পুলিশ সুপার (বগুড়া) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ সদস্য হওয়ার সুবাদে ক্ষমতার দাপটে অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ অধরা।
জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের ফাঁসাতে পুলিশ পরিচয়ের প্রভাবে ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি হত্যা মামলা (মামলা নং ৩৪, তারিখ: ০৯/০৩/২০২৫ এবং মামলা নং ২৫, তারিখ: ০৬/০৭/২০২৫) করানোর তথ্য প্রমাণ মিলেছে, যেখানে বাদিদের চাপ দিয়ে ব্যবহার করা হয়েছে।
পরিবারসহ ব্ল্যাঙ্ক চেক ও স্বর্ণালংকার বন্ধক রেখে সুদের ব্যবসা, চাকরি দেওয়া এবং বিদেশে লোক পাঠানোর নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযুক্ত কনস্টেবল রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সংযোগ পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে আইজিপি, দুদক ও জাতীয় মানবাধিকার কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।