দিল্লিতে পাঁচতলা ভবন ধস : নিহত বেড়ে ৭, চলছে উদ্ধার অভিযান
ভারতের রাজধানী দিল্লিতে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার এক দিন পরও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভবনটিতে ঠিক কতজন ছিলেন এবং এখনো কেউ আটকা রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার দুপুর সাড়ে ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন মারা গেছেন এবং বাকিরা চিকিৎসাধীন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, বেজমেন্টে জমে থাকা পানি ও সেখানে চলমান সংস্কারকাজের কারণে ভবনটি ধসে পড়ে থাকতে পারে। দুর্ঘটনার পর ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভবনটির অধিকাংশ বাসিন্দাই ছিলেন শিক্ষার্থী। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রের পাশাপাশি বৈদ্যুতিক করাত ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ভবনের প্রায় ৮০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে।
ভবন ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বেজমেন্টে খননকাজ, সাম্প্রতিক সংস্কার এবং টানা বৃষ্টির পানিতে কাঠামো দুর্বল হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।