ভারত ফেরত দিলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের প্রচলিত আইনে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক দণ্ডপ্রাপ্ত সদস্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ভারত সরকার জানিয়েছে, বিষয়টি তাদের বিচার বিভাগের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
আন্তর্জাতিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও সম্ভাব্য সুফল বিবেচনায় নেওয়া হবে।
মাদারীপুরের অন্যতম প্রধান সমস্যা অবৈধ মানব পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, আন্তর্জাতিক দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের ভেতরে এবং বিদেশে অবস্থানরত মানব পাচারকারীদের তালিকা তৈরি করতে হবে। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা বন্ধে লিবিয়া ও ইতালি সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বক্তব্য দেন। সভায় জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।