প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৩৯ এএম
মাদকের প্রতিবাদ করায় অভয়নগরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মডেল স্কুলের সড়কে মো. জীবন তালুকদার (২২) নামে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা।
আহত জীবন তালুকদার নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি নুরবসগস্থ গরুহাট এলাকার মিন্টু তালুকদারের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মডেল স্কুলের সড়কে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত জীবন তালুকদারকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানা গেছে।
এদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ওরফে ‘খুড়া জাকিরসহ ২ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। জাকির হোসেন মডেল স্কুলের সামনে রেলবস্তি/গুয়াখোলা এলাকার কামরুল হোসেনের ছেলে।
ঘটনার সঙ্গে রবিউল গাজী (১৮) নামের আরও একজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তিনি একই এলাকার ওয়াহিদ গাজীর ছেলে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তারা মাদকের সাথে জড়িত কি না তাও খতিয়ে দেখা হবে।