প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:২০ পিএম
কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। জেলা কমান্ড্যান্ট ও কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ইউএভিডিও)-এর সার্বিক নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্য মোঃ আশরাফুল আলমের নিজস্ব উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্যদের নিয়ে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভিডিপি সদস্য মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে মুন্সিবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
উল্লেখ্য, ভিডিপি সদস্য মোঃ আশরাফুল আলম দীর্ঘদিন ধরে কমলগঞ্জ এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন। তাঁর এ আহ্বানে সাড়া দিয়ে মুন্সিবাজার ইউনিয়নের অন্য ভিডিপি সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মোঃ আশরাফুল আলমের এমন সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, ব্যক্তিগত আগ্রহে পরিচালিত এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে।