কালিগঞ্জের নলতায় গভীর রাতে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ৬ জন আটক

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় গোপালগঞ্জের ছয়জনকে আটক করেছে স্থানীয় জনতা। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছেন বলে জানিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নলতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নলতা বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা ও কথাবার্তা বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে আসার কথা জানায় বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরেরকান্দি গ্রামের মৃত অনিন্দের ছেলে সদানন্দ (৫২), তার ছেলে প্রতীক (২০), স্ত্রী প্রতিভা বৈরাগী (৪৫), মেয়ে দীপা বৈরাগী (২৪), একই থানার খাগবাড়ি গ্রামের মৃত বুদ্ধিমত্তার ছেলে বিশ্বজিৎ হালদার (২৭) এবং হরিদাস বাবুর ছেলে হরসিত বারই (২৪)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জানা গেছে, আটক ছয়জন বর্তমানে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে বলে জানা গেছে। তবে তাদের ভারতে যাওয়ার উদ্দেশ্য ও এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা কর্তৃপক্ষের তদন্তে আরও স্পষ্ট হবে।