প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৫৮ পিএম
রাজনগর জোন কমান্ডারস কাপের ফাইনালে গাউসপুর সিটি এফসির শিরোপা জয়
বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি):
যুবসমাজকে মাদক, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনি বলেন, যুবসমাজ পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে রাষ্ট্রও পরিবর্তন হবে।
রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) আয়োজিত জোন কমান্ডারস কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুলশাখালী বর্ডার গার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে লংগদু উপজেলার গাউসপুর সিটি এফসি ও বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া আদর্শ যুব সংঘ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মধ্যমপাড়া আদর্শ যুব সংঘকে ১-০ গোলে পরাজিত করে গাউসপুর সিটি এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা তাদের মাদকাসক্তি, অপরাধ, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে রাজনগর ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন আহমেদ, পিএসসি, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, জোনের সহকারী পরিচালক কে এইচ এম জাকারিয়াসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জোনের আওতাধীন হেডম্যান ও কার্বারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।