ভারতের কাছে স্পষ্ট বার্তা, শেখ হাসিনাসহ সব আসামিকে ফেরত চায় সরকার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও কার্যকর ও জোরদার করার স্বার্থে ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের, যার মধ্যে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও রয়েছেন, ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সব পলাতক আসামিকে ফেরত আনার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কার্যকর সম্পর্ক জোরদারের স্বার্থে বিষয়টি ভারত সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলেও জানানো হয়েছে।


তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক ও ফলপ্রসূ করতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশে বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।


এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়।


স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।