সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, প্রতিবাদ জামায়াত আমিরের ‘এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ’
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি একদিন শেষ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, গভীর রাতে জুলাই যোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব চালানো হয়েছে। তাঁর ভাষায়, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
তিনি আরও বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কীভাবে সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এরপরই তিনি মন্তব্য করেন, ‘হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা স্টুডিওতে থাকা কর্মীদের মারধর করে ভাঙচুর ও লুটপাট চালায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সালমান মুক্তাদির। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।