গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড

ম্যাচ বয়কট নিয়ে দীর্ঘ আলোচনা-ভোটাভুটির পর মাঠে নামার সিদ্ধান্ত আইরিশ খেলোয়াড়দের


ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে মাঠে নামার আগে গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ দল। ম্যাচটি ঘিরে কয়েক দিন ধরে চলা অনিশ্চয়তা ও বিতর্কের অবসান হয়েছে খেলোয়াড়দের ভোটাভুটির পর।

রোববার রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ইসরায়েল। ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই ছিল নানা আলোচনা। এমনকি অনুশীলনে খেলোয়াড়দের অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।


শনিবার সকালে ম্যাচে অংশ নেওয়া নিয়ে প্রায় চার ঘণ্টা আলোচনা করেন আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রা। পরে দুপুরের খাবারের সময় অনুষ্ঠিত ভোটাভুটিতে ম্যাচ খেলার বিষয়ে মতামত দেন তারা।

বিকেলে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) এক মুখপাত্র জানান, ভোটে উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ম্যাচে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। পরে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়।


আয়ারল্যান্ডের কোচ হলগ্রিমসন ও এফএআইয়ের ফুটবল ডিরেক্টরকে পাশে নিয়ে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড কাউরেল বলেন, খেলোয়াড়দের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, গাজা সংঘাতে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ খেলোয়াড়রা। আগামী রোববার সার্বিয়ায় ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠেয় ফিরতি ম্যাচেও আরও কিছু প্রতীকী কর্মসূচি নেওয়ার কথা রয়েছে।


গ্রুপ বি’তে আয়ারল্যান্ড ও ইসরায়েলকে একই গ্রুপে রাখার পর থেকেই দুই দলের ম্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়। গাজা সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বানও জানানো হয়েছিল বিভিন্ন মহল থেকে। তবে শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে মাঠে নামার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।