অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধী হিসেবেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি নির্দিষ্ট অভিযোগ ও মামলা করেন, তাহলে তা তদন্ত করে দেখা হবে। তার ভাষ্য অনুযায়ী, চাঁদা দাবির বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে অভিযোগ করা হলে সেটি তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে।
ঘটনাটির প্রাথমিক তদন্তের বিষয়ে তিনি বলেন, সালমান মুক্তাদির ভুক্তভোগী হয়েছেন—এ বিষয়টি তারা দেখেছেন। মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার আওতাধীন ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটে যাওয়া ওই ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় এরই মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তা আমলে নেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।