সালমানের স্টুডিওতে হামলা নিয়ে সাদিয়া আয়মান: ‘চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’
‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’—সামাজিকমাধ্যমে অভিনেত্রীর ক্ষোভ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
স্টুডিওতে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশে চাঁদাবাজি ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ জানান এই অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে নিজের বক্তব্যের শেষাংশে বিষয়টিকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন সাদিয়া। পরে ওই পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সমালোচনাকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী দাবি করেন, যাদের উদ্দেশে তার মূল পোস্ট ছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।
নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করে সাদিয়া আরও বলেন, সামাজিকমাধ্যমে করা এসব মন্তব্য ভবিষ্যতেও নথিভুক্ত হয়ে থাকবে। এ সময় তিনি সমালোচকদের উদ্দেশে আরও কঠোর ভাষায় নিজের প্রতিক্রিয়া জানান।
সাদিয়া আয়মানের পোস্ট ও পরবর্তী মন্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যকে ঘিরে নেটিজেনদের মধ্যেও দেখা গেছে নানা ধরনের প্রতিক্রিয়া।