ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ

সায়েন্সল্যাব এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার গ্যাস


রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গ্রিন রোডের মুখে দুই পক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সায়েন্সল্যাব মোড় ঘিরে আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

রমনা থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শওকত আলী জানান, প্রায় ২০০ জন ঢাকা কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউ মার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


তবে দুই পক্ষের মধ্যে ঠিক কী কারণে বিরোধের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার বিরোধ নিরসনে নিউ মার্কেট থানার মধ্যস্থতায় একটি ‘শান্তি চুক্তি’ হয়েছিল। ওই চুক্তিতে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর বিষয়ে শিক্ষার্থীরা অঙ্গীকার করেন।


তবে এর এক মাসের মধ্যেই, গত ৯ ডিসেম্বর, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। রোববারের সংঘর্ষের পরও সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।