প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৪৫ পিএম
কালিগঞ্জের নলতা বাজারে স্বর্ণের দোকানের শাটার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা বাজারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তৃষ্ণা জুয়েলার্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
দোকানের মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার জানান, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ভাঙা দেখতে পান। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, দুর্বৃত্তরা লকার ভেঙে স্বর্ণ ও রুপার বিভিন্ন মালামাল এবং লকারে রাখা নগদ টাকা নিয়ে গেছে।
তবে প্রাথমিকভাবে চুরি যাওয়া স্বর্ণ, রুপা ও নগদ টাকার সঠিক পরিমাণ এবং আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। দোকানের মালিক মালামালের হিসাব-নিকাশ করছেন। হিসাব শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চুরির খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানটি পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও চুরির রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনার সময় বাজারে দায়িত্বে থাকা নাইট ডিউটির কর্মীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।