প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:২৪ পিএম
কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গাজী মিজানুর রহমান
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে অবদান, নেতৃত্ব, সৃজনশীল কর্মকাণ্ড ও মানবসেবায় সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান আবারও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৬-এর আওতায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
গাজী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা, সাংবাদিকতা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি সাতক্ষীরা জেলা পর্যায়েও তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার তথ্য রয়েছে।
বিদ্যালয় পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রমে তিনি যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
শিক্ষকতার বাইরে গাজী মিজানুর রহমান কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত। সমাজ, মানুষ, প্রকৃতি ও জীবনের নানা বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। একই সঙ্গে সাংবাদিকতার মাধ্যমেও শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরছেন।
মানবসেবামূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। সাতক্ষীরা হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশন-এর বিভিন্ন উদ্যোগে যুক্ত থেকে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতাসহ নানা কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
শিক্ষাক্ষেত্রে পেশাগত দক্ষতা বাড়াতে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণেও অংশ নিয়েছেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণের কথাও তার জীবনীতে উল্লেখ রয়েছে।
উপজেলা ও জেলা পর্যায়ে ধারাবাহিক স্বীকৃতির পর ২০২৬ সালে উপজেলা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়াকে তার কর্মজীবনের আরেকটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।