কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে উড়ল প্রথম ফ্লাইট

কক্সবাজার প্রতিনিধি: 


কক্সবাজার বিমানবন্দরে নির্মিত নতুন টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নতুন টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর পাঁচ মিনিট পর সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও নতুন টার্মিনাল ব্যবহার করে যাত্রা করে।


দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা এবং পর্যটন শিল্পের বিকাশে বিমানবন্দর আধুনিকায়নের কাজ কয়েক বছর ধরে চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের রানওয়ে সাগরের দিকে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হয়েছে। নতুন টার্মিনাল ভবন নির্মাণের পাশাপাশি বিমানবন্দরে যুক্ত হচ্ছে আধুনিক বিভিন্ন এভিয়েশন অবকাঠামো।


বিমানবন্দর আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ আগস্ট। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৬৮ কোটি টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমানবন্দরের আধুনিকায়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়ে গেল। আগামী অক্টোবর মাসে সম্প্রসারিত নতুন রানওয়ে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নতুন অবকাঠামো পুরোপুরি চালু হলে কক্সবাজার বিমানবন্দরে যাত্রীসেবা ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের পর্যটন খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।