গজারিয়ার আতিকনগরে সালিশে হত্যাচেষ্টা: প্রধান আসামি মিঠুন কারাগারে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আয়োজিত বিচার-সালিশে অতর্কিত হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিঠুনকে (৩৩) জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

​আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর এলাকার শাহজাহান পক্ষ এবং আরশাদ আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১:৩০ মিনিটে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ উত্তেজিত হয়ে মিঠুন প্রতিপক্ষ হযরত আলীর ওপর চড়াও হন এবং তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন।

​পরবর্তীতে এ ঘটনায় গজারিয়া থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার আবেদন জানান।
​শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জামিনের তীব্র বিরোধিতা করে আদালতকে জানান, আসামির বিরুদ্ধে অপরাধে সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্ত হলে মামলার মূল সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও তদন্ত কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

​উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলার নথিপত্র ও অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিজ্ঞ বিচারক আসামি মিঠুনের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে দ্রুত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।