শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন
নিজস্ব প্রতিবেদক
২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এদিন একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ রয়েছে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালে অ্যাপোনিয়ার অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় ডিবি। ওই প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। ওই দিন তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের বলেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিশার আরও অভিযোগ, বাদী তাঁর স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এবং তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।