প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:৩৭ পিএম
অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলামের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে জুনায়েদ পানিতে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা নদে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
শিশুটিকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌ পুলিশের সদস্যরা ও খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন নওয়াপাড়া ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল।