প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
সময়: ১১:২৫ এএম
অভয়নগরের নিখোঁজ স্কুলছাত্রী তনুশ্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নলামারা গ্রাম থেকে টানা ১০ দিন নিখোঁজ থাকার পর তনুশ্রী বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্রীকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তনুশ্রী শারীরিকভাবে সুস্থ রয়েছে। উদ্ধার হওয়া তনুশ্রী বিশ্বাস অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের অমর বিশ্বাস ও ঝর্ণা বিশ্বাস দম্পতির মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর তনুশ্রী নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয় এবং পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির নম্বর ১৩৯১।
নিখোঁজের পর থেকেই তনুশ্রীকে উদ্ধারে পরিবার ও পুলিশ বিভিন্নভাবে তৎপরতা চালায়। দীর্ঘ ১০ দিন পর অবশেষে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তনুশ্রীকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। মেয়েকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পুলিশ সদস্যসহ যারা তাকে উদ্ধারে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে তনুশ্রী কীভাবে অভয়নগর থেকে ঢাকায় গেল এবং এই ১০ দিন সে কোথায় ছিল, এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গেছে।