ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৭
ময়মনসিংহ টাউন বাইপাস সড়কের আকুয়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে। নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তারা হলেন—জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের বাসিন্দা মাকসুদ আলীর স্ত্রী রাশিদা (৭০), ছেলে মোস্তফা খন্দকার হোসেন (৫০), পুত্রবধূ মর্জিনা (২৫) ও নাতি মিয়ান (৫)। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। অন্যদিকে, সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিএনজি অটোরিকশার যাত্রীরা জামালপুর জেলার নান্দিনা এলাকার বাসিন্দা। তবে নিহত সবাই একই পরিবারের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।